জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব কোনো একক দল বা গোষ্ঠীর নয়, এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের অর্জন। জুলাইয়ের শহীদরা জাতির সম্পদ। তাদের আত্মত্যাগকে দলীয়করণ করা হলে তা জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। তিনি বলেন, শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। তাই জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ, শহীদদের যথাযথ মর্যাদা প্রদান এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
তিনি গতকাল সোমবার জামাল খানস্থ মহানগরী হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘জুলাই বিপ্লবে শ্রমিকদের আত্মত্যাগ ও অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। সভায় জুলাই যুদ্ধে চট্টগ্রামে শহীদ ফারুক হোসেনর স্ত্রী, ছেলে, মেয়ে ও আহত আবদুল আজীজ, শাহাদাত হোসেন মানিক ও জাহাঙ্গীর মুহুরী উপস্থিত ছিলেন এবং তাদের আর্থিক সহায়তা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












