প্রিয় ইসলামী ভাইয়েরা!
আল্লাহ তাআলাকে ভয় করুন! জেনে রাখুন! সাহাবায়ে কেরাম এমন এক মহান জান্নাতী দলের নাম যাদেরকে আল্লাহ তা’আলা তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য, সেবা, সাহায্য ও দ্বীনের প্রচারের জন্য মনোনীত করেছেন। তাঁদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক (রা.) বিশেষ মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অধিকারী।
জন্ম: হযরত আবু বকর সিদ্দীক (রা.) ৫৭৩ খ্রিস্টাব্দে মক্কা মুকাররমায় জন্ম গ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে দুই বছর ছয় মাসের ছোট ছিলেন। তিনি কুরাইশ বংশের বনু তাইম গোত্রের অন্তর্ভূক্ত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বাধিক ঘনিষ্ট সাহচর্য প্রাপ্ত সাহাবী। ইসলামের প্রথম যুগের অগ্রগন্য ঈমান গ্রহণকারী, হিজরতের সফরসঙ্গী, গারে সাওরের সাথি এবং ইসলামের প্রথম খলিফা। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে ফুটে উঠেছে রাসূল প্রেম আনুগত্য, সততা, নিষ্ঠা ও দ্বীনের প্রতি অবিচল ভালোবাসা। তাঁর জীবনাদর্শ আমাদের শিক্ষা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা কেবল মুখের দাবি নয়, বরং নিজের জীবন সম্পদ সময় চিন্তা চেতনা ও ব্যক্তিগত স্বার্থকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ও আনুগত্যের অধীন করে দেওয়ার নামই প্রকৃত ইসলাম।
পবিত্র কুরআনের আলোকে হযরত সিদ্দীকে আকবর (রা.) এর মর্যাদা: আল্লাহ তা’আলা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে সাহাবায়ে কেরামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, বিশেষ করে হিজরতের সময় গারে সাওরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হযরত আবু বকর সিদ্দীক (রা.) এর অবস্থানকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখেছেন। আল্লাহ তা’আলা পবিত্র কুরআন এরশাদ করেছেন, যদি তোমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো তবে নিশ্চয়ই আল্লাহ তাঁকে সাহায্য করেছেন যখন কাফিররা তাঁকে মক্কা থেকে বের করে দিয়েছিল, তখন তিনি দুজনের একজন ছিলেন, তখন তাঁরা উভয়ে গুহায় অবস্থান করছিলেন এবং তিনি তাঁর সাথিকে বলছিলেন দুঃখ করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। (অনুবাদ: কানযুল ঈমান, সূরা: আত তাওবা, আয়াত: ৪০)
বর্ণিত আয়াতে করীমায় মহান আল্লাহ হযরত আবু বকর সিদ্দীক (রা.) কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ সাথি হিসেবে উল্লেখ করেছেন। এটি কত বড় সৌভাগ্য আল্লাহ তা’আলা তাঁকে প্রিয় নবীর হিজরতের সফর সঙ্গী হিসেবে নির্বাচন করেছেন।
সিদ্দীক উপাধি ও রাসূলুল্লাহর প্রতি অবচিল বিশ্বাস: তাঁর প্রকৃত নাম আবু আবদুল্লাহ, উপনাম আবু বকর এবং প্রসিদ্ধ উপাধি সিদ্দীক। (তারিখুল খুলাফা, পৃ: ২১)
তিনি রাসূলুল্লাহর জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তাঁর সত্যতার সাক্ষ্য প্রদান করেন।
মিরাজের ঘটনার সত্যতা: মিরাজের ঘটনার সংবাদ শুনে যখন মক্কার কাফিরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করার অপচেষ্টা চালায় তখন হযরত আবু বকর সিদ্দীক (রা.) বিন্দু মাত্র দ্বিধা না করে বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে থাকেন তবে অবশ্যই তা সত্য। তাঁর দাওয়াত ও প্রচেষ্টায় হযরত উসমান ইবনে আফফান, হযরত যুবাইর ইবনুল আওয়াম, হযরত আবদুল রহমান ইবনে আওফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুম বিশিষ্ট সাহাবিগণ ইসলাম গ্রহণ করেন। (ইমাম ইবনে সাদ, আত তাবকাতুল কুবরা, ৩য় খন্ড)
এই অবিচল বিশ্বাস সত্যের প্রতি নিষ্ঠা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি বক্তব্যের অকুন্ঠ সমর্থনের কারণে তিনি “সিদ্দীক” উপাধিতে ভূষিত হন। (ফতোওয়ায়ে রযভিয়্যা, ১৫ তম খন্ড, পৃ: ৭১০)
হাদিস বর্ণনার ক্ষেত্রেও তিনি বিশেষ মর্যাদার অধিকারী। তাঁর সূত্রে প্রায় ১৪২টি হাদিস বর্ণিত হয়েছে।
হাদিস শরীফের আলোকে হযরত আবু বকর সিদ্দীক (রা.) এর মর্যাদা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে হযরত আবু বকর সিদ্দীক (রা.) এর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন।
প্রথম হাদিস: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমি যদি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তবে আবু বকরকেই গ্রহণ করতাম কিন্তু তিনি আমার দ্বীনি ভাই ও আমার বিশেষ সাথি। (সাহিহ বুখারি, হাদিস: ৩৬৫৬)
এ হাদিস থেকে বুঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হযরত আবু বকর সিদ্দীক (রা.) কতটা প্রিয় ও সম্মানিত ছিলেন।
দ্বিতীয় হাদিস: হযরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সাহচর্য ও সম্পদ দ্বারা আমার প্রতি সর্বাধিক অনুগ্রহকারী হলেন, আবু বকর (রা.)। (সহিহ বুখারি, হাদিস: ৩৬৫৪)
তৃতীয় হাদিস: মসজিদে নববিতে নামাজের ইমামতির জন্য হযরত আবু বকর সিদ্দীক (রা.) এর মনোনয়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ অসুস্থতার সময় যখন তাঁর শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে তখন তিনি হযরত আবু বকর সিদ্দীক (রা.) কে মুসল্লিদের নামাজের ইমামতি করার নির্দেশ দেন। হযরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরকে নির্দেশ দাও, তিনি যেন লোকদের নামাজ পড়ান। (সহিহ বুখারি, খন্ড: ১, পৃ: ৯১, হাদিস: ৭১৩)
এ ঘটনা তাঁর দ্বীনি মর্যাদা এবং সাহাবায়ে কেরামের মধ্যে তাঁর নেতৃত্বের শ্রেষ্ঠত্বের উজ্জ্বল প্রমাণ।
রাসূল প্রেমের হৃদয়স্পর্শী হিজরতের ঘটনা: যখন মক্কার কাফিরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তখন আল্লাহ তা’আলা তাঁর প্রিয় হাবীবকে মদীনায় হিজরতের অনুমতি প্রদান করেন। এই কঠিন সময়ে হযরত আবু বকর সিদ্দীক (রা.) রাসূলুল্লাহর সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তিনি পূর্ব থেকেই হিজরতের প্রস্তুতি হিসেবে দুটি উটনি প্রস্তুত রেখেছিলেন। তিনি রাসূলুল্লাহর সাথে যাত্রা শুরু করে গারে সাওরে আশ্রয় গ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দীক (রা.) প্রথমে গুহায় প্রবেশ করেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহায় প্রবেশের অনুরোধ জানান। যখন মক্কার কাফিররা গুহার মুখ পর্যন্ত পৌছে যায় তখন হযরত আবু বকর (রা.) প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন, সেই সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সান্তনা দিয়ে বলেন, “চিন্তিত হয়োনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন”। (সূরা: আত্ তাওবা: আয়াত: ৪০)
নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তাঁর কোনো চিন্তা ছিলনা, তাঁর একমাত্র চিন্তা ছিল কীভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তা নিশ্চিত করা যায়। এটাই প্রকৃত নবী প্রেম এটাই নি:স্বার্থ আনুগত্য এবং প্রেমের বাস্তব দৃষ্টান্ত।
হযরত সিদ্দীকে আকবর (রা.) এর দানশীলতা: হযরত আবু বকর সিদ্দীক (রা.) এর দানশীলতা আত্মত্যাগ ও নির্যাতিত মুসলমানদেরকে মুক্ত করার ঘটনাবলি উল্লেখযোগ্য। তিনি হযরত বেলাল (রা.)সহ বহু নির্যাতিত সাহাবায়ে কেরামকে কাফিরদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য নিজের সম্পদ ব্যয় করেছিলেন। হযরত বেলাল (রা.) যখন উমাইয়া ইবনে খালাফের হাতে কঠিন নির্যাতনের শিকার হন তখন হযরত আবু বকর সিদ্দিক (রা.) তাঁকে ক্রয় করে মুক্ত করে দেন।
হযরত সিদ্দীকে আকবর (রা.) এর শ্রেষ্ঠত্ব ও খিলাফত: হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সাহাবিদের মধ্যে মর্যাদার দিক থেকে প্রথমে হযরত আবু বকর এরপর হযরত উমর ইবনে খাত্তাব এবং তারপর হযরত উসমান ইবনে আফফান (রা.) কে শ্রেষ্ঠ মনে করতাম। (সহিহ বুখারি, হাদিস: ৩৬৫৫)
তাঁর খিলাফতকালীন গুরুত্বপূর্ণ ঘটনা: তাঁর খিলাফতকালীন ইসলামি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা সংঘটিত হয়। তিনি ভন্ডনবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। মুরতাদদের মোকাবিলা করেন, যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ঘোষনা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মুসলামনরা যাকাত হিসেবে যে সামান্য রশিও প্রদান করত তা দিতে অস্বীকার করলে আমি তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। তিনি মুসলিম উম্মাহর ঐক্য সংহতি রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেন। ইসলামের বিধান সংরক্ষণে তিনি আপসহীন ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম এর ভালোবাসা ঈমানের অপরিহার্য দাবি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওযাসাল্লাম এর প্রতি ভালোবাসা একজন মুমিনের ঈমানের প্রধান ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবেনা, যতক্ষণ না আমি তার কাছে তাঁর পিতা সন্তান এবং সমগ্র মানবজাতির চেয়ে অধিক প্রিয় হই। (সহিহ বুখারি, হাদিস: ১৫, মুসলিম, হাদিস: ৪৪)
হযরত সিদ্দিকে আকবর (রা.) এর সমগ্র জীবন এই হাদিসের বাস্তব প্রতিচ্ছবি। তিনি নিজের সম্পদ, আরাম আয়েশ পারিবারিক স্বাচ্ছন্দ্য এবং জীবনের সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উৎসর্গ করেছিলেন। (আল কুরআন, কানযুল ঈমান, সূরা: তাওবা, ৪০, তাফসিরে নঈমী সূরা তাওবা আয়াত ৪০ এর ব্যাখ্যা।)
ওফাত: হযরত সিদ্দীকে আকবর (রা.) ১৩ হিজরির ২২ জমাদিউস সানি সোমবার মদিনা মুনাওযারায় ইন্তিকাল করেন। ইন্তিকালের সময় তাঁর বয়স ছিল ৬৩ বছর। তাঁকে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজার পাশে দাফন করা হয়। (ইমাম জালালুদ্দিন সুয়ুতি, তারিখুল খুলাফা, পৃ: ১৪৮), আল্লাহ তা’আলা আমাদের সাবাইকে হযরত সিদ্দীকে আকবর (রা.) এর আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন।
লেখক : অধ্যক্ষ, মাদরাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী), বন্দর, চট্টগ্রাম; খতীব, কদম মোবারক শাহী জামে মসজিদ।











