জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র

আল্লামা ইমাম হায়াত | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

মানুষ, সমাজ, ধর্ম, রাষ্ট্র ও অর্থনীতি– সবকিছুর চালিকাশক্তি ও নিয়ন্ত্রক শক্তি রাজনীতি। কেউ মানুষ হবে, নাকি অমানুষ হবে; সত্যধর্ম থাকবে, নাকি ধর্মের নামে মিথ্যা প্রতিষ্ঠিত হবে; সমাজ ও রাষ্ট্র ন্যায়, কল্যাণ ও সুবিচারের ভিত্তিতে পরিচালিত হবে, নাকি অন্যায়, অবিচার, শোষণ, সন্ত্রাস, বিভেদ ও বৈষম্যের ভিত্তিতে পরিচালিত হবে; সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ বজায় থাকবে, নাকি ক্ষমতার জোরে মিথ্যা, মূর্খতা, রুদ্ধতা ও স্বৈরতার ধারা চাপিয়ে দেওয়া হবে এসবকিছুই নির্ভর করে রাজনীতির মানবিক চরিত্র অথবা তার বিপরীত গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির পাশবিক ও নোংরা চরিত্রের ওপর। রাজনীতির চরিত্র নোংরা, তথা একক গোষ্ঠীবাদী, খুনি, অবিচারমূলক অন্যায়ের ধারক ও স্বৈরদস্যুতান্ত্রিক হলে জীবন ও দেশও নোংরা থাকবে।

যে রাজনীতি সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও তাঁর নূর, রাহমাতুল্লিল আলামিন, প্রাণাধিক প্রিয় নবী প্রদত্ত সমান নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার, মর্যাদা ও সমান নাগরিকত্ব স্বীকার ও রক্ষা করে না; বরং রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক ব্যবস্থায় পরিণত করে, সেই পাশবিক রাজনীতির চেয়ে নোংরা ও বিষাক্ত রাজনীতি এবং সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ আর কিছুই দুনিয়ায় নেই।

রাষ্ট্রের ওপর দুর্বৃত্তমূলক নোংরা রাজনীতি, তথা একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি কায়েম থাকলে প্রশাসন, শিক্ষা, পুলিশ, আদালত, সমাজ ও ব্যক্তি থেকে শুরু করে রাস্তাঘাট, প্রতিষ্ঠান, হাসপাতাল পর্যন্ত এমনকি অধিকাংশ মানুষের মন–মগজ ও চরিত্রও নোংরা, মলিন, দূষিত, কলুষিত ও হিংস্র পাশবিক হয়ে উঠবে।

আর মানুষের মন–মগজ, চিন্তা–চেতনা বিষাক্ত, নোংরা ও কলুষিত তথা হিংস্র পাশবিক হলে মানুষ অন্যায়, অবিচার, হারামখোরি, ধোঁকাবাজি, দুর্নীতি, লুটপাট, জবরদখল ও মিথ্যার ধারক হয়ে অপরাধী, চোর, ডাকাত, প্রতারক, জালিম ও অমানুষে পরিণত হবে। তখন শুধু রাস্তাঘাট পরিষ্কার থাকলেও প্রকৃত অর্থে পুরো সমাজ ও রাষ্ট্রই চরম নোংরা, বিষাক্ত, কলুষিত ও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের দেশগুলোতে একক ধর্মের নামে এবং একক বস্তুবাদী জাতীয়তাবাদী একক গোষ্ঠীবাদী হিংস্র, পাশবিক, কলুষিত ও বিষাক্ত ফ্যাসিস্ট রাজনীতির কারণেই সবকিছু নোংরা, বিষাক্ত ও জীবনবিরুদ্ধ হয়ে উঠেছে।

এমনকি ধর্মের নামে ধর্মের প্রকৃত সত্য ও ধর্মের মানবিক শিক্ষার বিপরীত অধর্মচক্র এখন দুনিয়ায় সত্য ও মানবতার উৎস এবং ন্যায়, পবিত্রতা ও কল্যাণের উৎস পবিত্র ধর্মকেও বিকৃত, কলুষিত ও বিষাক্ত করে নোংরা ধোঁকাবাজি, মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাস, লুটপাট, জবরদখল ও স্বৈরদস্যুতার হাতিয়ারে পরিণত করেছে। ধর্মের নামে খুন, ধর্ষণ ও বলাৎকার পর্যন্ত চলছে।

সব মানুষের কল্যাণে রাহমাতুল্লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবীর প্রদত্ত সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি প্রতিষ্ঠিত না হলে একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি তথা মানবতাবিরোধী নোংরা রাজনীতি কখনোই দূর হবে না। মানুষ, দেশ, ধর্ম, জীবন ও রাষ্ট্রের সবকিছুই নোংরা, বিষাক্ত, কলুষিত এবং অন্যায়, অবিচার ও অপরাধের হাতিয়ার হয়ে থাকবে।

লেখক: মানবতার রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতা।

পূর্ববর্তী নিবন্ধব্লু-সুনামি: চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার!
পরবর্তী নিবন্ধচিকিৎসক হওয়ার স্বপ্ন