সৃজনে অরিন্দম শীর্ষক ৬ষ্ঠ জিয়া হায়দার স্মারক বক্তৃতার মাধ্যমে ৫৩ পেরিয়ে অরিন্দম শিরোনামে ৪ দিন ব্যাপী অনুষ্ঠানমালা গতকাল বুধবার শুরু হয়েছে। বিটার সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে আয়োজনে জিয়া হায়দার স্মারক বক্তা ছিলেন ড. ইউসুফ ইকবাল। বিটার সহ–সভাপতি রোসাঙ্গীর বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন শুভ্রা বিশ্বাস। আমার ভাই শিরোণামে বক্তব্য দেন, নাট্যকার জিয়া হায়দারের ছোট ভাই কবি জাহিদ হায়দার। আমার শিক্ষক জিয়া হায়দার সম্পর্কে বলেন মঈন উদ্দিন কোহেল। স্মারক বক্তৃতায় জিয়া হায়দারকে বাংলাদেশের নাট্যচর্চার পথিকৃৎ এবং চট্টগ্রামের নাট্যচর্চা–আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা উল্লেখ করে অরিন্দমের ৫৩ বছরের পথচলার বর্ণনা তুলে ধরেন। এতে জিয়া হায়দারের ওপর আমিনুর রহমান মুকুল নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐন্দ্রিলা কানুনগো। এরপর চবি নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করে জিয়া হায়দার রচিত নাটক ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’। আজ শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে পরিবেশিত হবে ‘নোলক জানের পালা’। সায়িক সিদ্দিকী রচিত ও নির্দেশিত এই পালা পরিবেশন করবে আহির বাংলা। প্রেস বিজ্ঞপ্তি।











