সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সেবামূলক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চসিক প্রশাসক ও চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
গতকাল বৃহস্পতিবার চমেক হাসপাতালের শিশু বিভাগে ব্যক্তিগত অর্থায়নে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেন প্রশাসক। এরপর সানশাইন চ্যারিটিজ’র চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতায় চমেকে একটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, অধ্যাপক ডা. নুরুল হুদা, ডা. মাসুম ইফতেখার, ডা. ফয়েজ উদ্দিন ও ডা. সামিউল করিম।
এতে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের লাখো মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, চিকিৎসাসেবার বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সংকট চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সরকারি হাসপাতালে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বৃদ্ধি করা গেলে আরও বেশি রোগী সাশ্রয়ী ব্যয়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। সানশাইন চ্যারিটিজ ও কেনপার্ক চ্যারিটিজের এই মানবিক উদ্যোগ কিডনি রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি সমাজের অন্যান্য সেবামূলক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












