চমেকে দুদিনব্যাপী জাতীয় ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি সম্মেলন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শুরু হয়েছে দুই দিনব্যাপী ১৪তম জাতীয় ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি সম্মেলন ‘ব্যানট্রপট্রক্স–২০২৬’। গতকাল চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য প্রফেসর ডা. মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের (টিএসবি) সভাপতি প্রফেসর ডা. এম এ ফয়েজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী দিনে দেশ–বিদেশের প্রায় ৪০০ জন চিকিৎসক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অংশ নেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩৫ জন সম্মানিত ডেলিগেট ও ফ্যাকাল্টি উপস্থিত ছিলেন। দিনব্যাপী সিম্পোজিয়াম, মূল প্রবন্ধ ও সেশন মিলিয়ে মোট ৩৫টি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং ১২টি পোস্টার উপস্থাপিত হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে–ক্লিনিক্যাল টক্সিকোলজি ও বিষক্রিয়া: কীটনাশক ও এগ্রোকেমিক্যালস বিষক্রিয়া, নন–ওপিসি ও ওষুধজনিত বিষক্রিয়া, ক্ষতিকর কেমিক্যাল ও মেথানল পয়জনিং এবং জাতীয় পয়জন সেন্টারের প্রয়োজনীয়তা ও রূপরেখা; টক্সিনোলজি ও ভেনোমিক্স: সর্পদংশন ব্যবস্থাপনা, ভেনোমিক্স ও অ্যান্টিভেনোমিক্স এবং বিষক্রিয়া ও সর্পদংশন–পরবর্তী মানসিক প্রভাব; ট্রপিক্যাল মেডিসিন, সংক্রামক ব্যাধি ও ভ্যাক্সিনোলজি: ম্যালেরিয়া নির্মূলের কৌশল এবং ভ্যাক্সিনোলজির সামপ্রতিক অগ্রগতি; জনস্বাস্থ্য ও কমিউনিটি মেডিসিন: গবেষণায় কমিউনিটির সম্পৃক্ততা, ক্লিনিক্যাল রিসার্চ মেথডোলজি ও একাডেমিক দক্ষতা বৃদ্ধি। প্রথম দিনের অনুষ্ঠানে বিজ্ঞানচর্চা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আবহের মধ্য দিয়ে দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অধ্যাপক মো. আবুল ফয়েজ সম্পাদিত ‘সবার জন্য স্বাস্থ্য জ্ঞান’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তারা টক্সিকোলজি ও সংক্রামক ব্যাধি গবেষণায় প্রফেসর ডা. এম এ ফয়েজের দীর্ঘ কয়েক দশকের অনন্য অবদান ও অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা করেন।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য : ভূমি প্রতিমন্ত্রী