রাঙ্গুনিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়ার মধ্যবর্তী একটি ডোবায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। দুর্গন্ধ ছড়াতে থাকলে বিষয়টি জাতীয় পরিষেবা ৯৯৯–এ জানানো হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়রা জানিয়েছেন, মরদেহটি বেশ কয়েক দিনের পুরনো হওয়ায় বিকৃত হয়ে গেছে। ফলে স্থানীয়ভাবে কেউ পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক তিন–চারদিন আগে খাল–বিল বা জলাশয়ে সাপ, ব্যাঙ কিংবা কুচে ধরতে গিয়ে ডুবে মারা যেতে পারেন। পুলিশ জানায়, মৃত যুবকের পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল। তার গায়ের রং কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। চেহারা ও অবয়ব দেখে প্রাথমিকভাবে তিনি পাহাড়ি জনগোষ্ঠীর কেউ হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আসল কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।











