মুক্তি কক্সবাজারের-কর্মশালা

বর্জ্য থেকে সম্পদ

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

শহরের বর্জ্যকে বোঝা না ভেবে সম্পদ হিসেবে কাজে লাগাতে নতুন উদ্যোগ নিয়েছে মুক্তি কক্সবাজার। ইউএনডিপির জিইএফ স্মল গ্র্যান্টস প্রোগ্রামের (এসজিপি) সহায়তায় ‘কক্সবাজারের স্থানীয় কমিউনিটির নেতৃত্বে ওয়েস্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সার্কুলার ইকোনমি ও টেকসই ব্যবহারের প্রসার’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা অনুবিভাগ) লুবনা ইয়াসমিন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান। এতে স্বাগত বক্তব্য রাখেন মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।

প্রধান অতিথি লুবনা ইয়াসমিন প্রকল্পটির বাস্তবায়নের মাধ্যমে পরিমাপযোগ্য, প্রভাবশালী ও টেকসই ফলাফল অর্জিত হলে দেশের অন্যান্য পৌরসভা ও উপকূলীয় এলাকায় এটি সমপ্রসারণ ও পুনরাবৃত্তির ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি দীর্ঘমেয়াদি পরিবেশগত স্থায়িত্ব, কার্যকর সম্পদ পুনরুদ্ধার এবং অর্থবহ কমিউনিটি মালিকানাকে প্রকল্প বাস্তবায়নের মূলভিত্তি হিসেবে গুরুত্বারোপ করেন, যাতে এর সুফল দীর্ঘস্থায়ী হয়।

সভাপতি মো. শামীম আল ইমরান বলেন, কার্যকর ও সফল বর্জ্য ব্যবস্থাপনার জন্য জনসচেতনতা বৃদ্ধি, আচরণগত পরিবর্তন এবং উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। তিনি মুক্তি কক্সবাজারের এ সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং মাঠ পর্যায়ে প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মশালা সঞ্চালনা করেন মুক্তি কক্সবাজারের প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. রুহুল কুদ্দুস। ‘কম ব্যবহার করি, যা পারি পুনরায় ব্যবহার করি, যা বাকি থাকে তা পুনঃপ্রক্রিয়াকরণ করি। আসুন, সবাই মিলে আমাদের পৃথিবী, উপকূল ও ভবিষ্যৎ রক্ষা করি।’ এ অঙ্গীকারকে সামনে রেখে কর্মশালায় স্থানীয় সরকারের প্রতিনিধি এবং ব্র্যাক, সিএনআরএস, কর্ডেইড, ইপসা ও প্রত্যাশীসহ জাতীয় ও আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানে মিলল গাঁজা, ইলেকট্রনিক সিগারেট ও বিয়ার
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া নেওয়ার কথা বলে ৮ দিন সাগরে, শেষে সৈকতে নামিয়ে দিল পাচারকারীরা