চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ডবলমুরিং ক্লাব। অপর এক ম্যাচে জয় পেয়েছে এফএমসি স্পোর্টস ক্লাব। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সোমবার সকালে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় এফএমসি স্পোর্টস ক্লাব ৬ উইকেটে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এফএমসি দলের শহীদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন চব্বিশে গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের সাংগঠনিক কমিটির সদস্য আনোয়ারুল আবেদিন মুন্না ও এফএমসি স্পোর্টস ক্লাবের টীম ম্যানেজার আরিফুল ইসলাম আরিফ। সংক্ষিপ্ত স্কোর : সীতাকুণ্ড উপজেলা: ৫০/১০/১২.৪, এফএমসি স্পোর্টস : ৫৫/৪/ ১০.৫।
দুপুরে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে ডবলমুরিং ক্লাব ৪৪ রানে আবাহনী জুনিয়রকে পরাজিত করে। এই জয়ের ফলে পর পর দুই ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ডবলমুরিং ক্লাব। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ডবলমুরিং ক্লাবের রাশেদুল বারীর হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক শাহাদাৎ হোসেন মাসুদ ও আবাহনী জুনিয়রের ম্যানেজার জেড আই টিটু। সংক্ষিপ্ত স্কোর : ডবলমুরিং ক্লাব : ১২৫/৭/২০, আবাহনী জুনিয়র : ৮১ /১০/১৮.৪।












