চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিধি আইএসপিএস কোড বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) দল। বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা, কর্মীদের পেশাদারিত্ব, ড্রোনের মাধ্যমে নজরদারি, সাইবার নিরাপত্তা কার্যক্রম ও সন্ত্রাসবিরোধী মহড়ার প্রশংসা করেছেন প্রতিনিধিদলের সদস্যরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) দলের সদস্যরা। এ সময় তারা বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা, বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সার্বিক নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বন্দর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বিধি (আইএসপিএস কোড) যথাযথভাবে বাস্তবায়ন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ বিধির আওতায় বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় আগের আন্তর্জাতিক নিরাপত্তা পরিদর্শনেও শূন্য পর্যবেক্ষণ অর্জন করেছিল চট্টগ্রাম বন্দর।
পরিদর্শনকালে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের নিরাপত্তা কাঠামো, আন্তর্জাতিক নিরাপত্তা বিধি বাস্তবায়ন এবং এ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মার্কিন প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। এ সময় চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক নিরাপত্তা বিধি প্রতিপালনের উচ্চমান এবং নিরাপত্তা জোরদারে নেওয়া অতিরিক্ত ব্যবস্থার প্রশংসা করেন মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধিরা। বিশেষ করে নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব, ড্রোনের মাধ্যমে নজরদারি, সাইবার নিরাপত্তা কার্যক্রম এবং সন্ত্রাসবিরোধী মহড়া তাদের সন্তুষ্ট করেছে। বিভিন্ন দেশের বন্দর পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিনিধিদলের সদস্যরা জানান, চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়নে যে গুরুত্ব, আন্তরিকতা ও ধারাবাহিকতা দেখা গেছে, তা বিশ্বের অনেক বন্দরের জন্য অনুসরণীয় হতে পারে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মার্কিন কোস্টগার্ডের এই পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তা বিধির ধারাবাহিক প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম।












