চট্টগ্রাম ওয়াসার এমডির সাথে নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকার ৪০ ও ৪১ ওয়ার্ডের বিদ্যমান পানির সমস্যা দূরীকরণের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পানি এবং জলবায়ু) ইঙ্গি ক্লাসে ও তাদের সহযোগী প্রতিষ্ঠান ম্যাঙ সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক এবং ম্যাঙ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম, বাহনের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ সামিউল হক।

এ সময় চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন এবং মড০১ এর নির্বাহী প্রকৌশলী ইফতেখাউল্লাহ মামুন উপস্থিত ছিলেন।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং চট্টগ্রাম ওয়াসার পতেঙ্গা এলাকার পানির সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব তার বক্তব্যে জানান, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর অনুরোধে তারা পতেঙ্গাস্থ ৪০ ও ৪১ নং ওয়ার্ডে নেদারল্যান্ড সরকারের সম্পূর্ণ অনুদানে পাইলট প্রকল্প করতে ইচ্ছুক। এর জন্য একটি প্রিফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। উক্ত প্রিফিজিবিলিটি স্টাডির মাধ্যমে পানির চাহিদা নিরূপণ, পানি সরবরাহ এবং পাইপ নেটওয়ার্কের অবস্থান, পানির প্রয়োজনীয় উৎস নিরূপণ ও পরিশোধন এবং ভবিষ্যতে বড় স্কেলে পিপিপি স্কিমে প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার সাথে একটি এমওইউ সম্পন্ন করার প্রস্তাব প্রদান করেন। পাইলট প্রকল্প বাস্তবায়িত হলেন নগরীর ৪০ ও ৪১ নং ওয়ার্ডে পানির বিদ্যমান সমস্যা লাঘব হবে এবং ভবিষ্যতে পিপিপি স্কিমের মাধ্যমে পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হলে আরো অনেক সংশ্লিষ্ট ওয়ার্ড উপকৃত হবে এবং চট্টগ্রাম মহানগরের পানির উৎপাদন ও সরবরাহের ঘাটতি লাঘব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বার সভাপতির সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনগরের সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান করতে চাই : মেয়র