করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন হঠাৎ বেড়েছে চট্টগ্রামে। শেষ ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১৭ হাজার মানুষ অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। এ নিয়ে টিকা গ্রহণে চট্টগ্রামে মোট নিবন্ধনকারীর সংখ্যা (মঙ্গলবার দুপুর পর্যন্ত) দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৩১ জনে। তবে রাতে এই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। অথচ ২৪ ঘণ্টা আগেও (সোমবার দুপুর পর্যন্ত) চট্টগ্রামে মোট নিবন্ধনকারীর সংখ্যা ছিল ৩২ হাজার ৪৬৬ জন।
গতকাল দুপুর পর্যন্ত মহানগরের ৩৮ হাজার ৮৯০ জন অগ্রাধিকার তালিকাভুক্ত সম্মুখসারির যোদ্ধা অনলাইনে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। একই সময়ে ১৪ উপজেলায় ১১ হাজার ৪১ জন সম্মুখ যোদ্ধা অনলাইনে নিবন্ধন করেছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। সবমিলিয়ে গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের ৪৯ হাজার ৯৩১ জন অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। যারা পর্যায়ক্রমে টিকা পাবেন। সোমবার পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ছিল ৩২ হাজার ৪৬৬ জন। এর মধ্যে মহানগরে ২৩ হাজার ৬৩৫ জন এবং উপজেলাগুলোতে ৮ হাজার ৮৩১ জন নিবন্ধন সম্পন্ন করেন।
উল্লেখ্য- করোনার টিকা নিতে এতদিন ৫৫ বা তদুর্ধ্ব বয়সীদের অনলাইন নিবন্ধনে সুযোগ দেয়া হয়েছে। যার কারণে অগ্রাধিকার তালিকাভুক্তদের অনেকেই অনলাইন নিবন্ধন করতে পারেননি। তবে সোমবার বয়সের বাঁধা কমিয়ে ৪০ বছর বয়সীদেরও টিকা নিতে অনলাইন নিবন্ধনের সুযোগ করে দেয়া হয়। যার ফলে সোমবার বিকেল থেকেই অনলাইন নিবন্ধনের সংখ্যা উল্ল্লেখযোগ্য হারে বাড়ছে বলে মনে করেন চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। অন্যদিকে বয়স সীমা তুলে দিলে নিবন্ধনের হার আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।













