চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মারা গেছে ২২ জন। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে গতকাল নতুন করে আরো ৮৯ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৫ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮ হাজার ৪২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ১২১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩০৪ জন। অন্যদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭৪৩ জনের। গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৯৬০ শিশুর।













