চট্টগ্রামে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিরবচ্ছিন্ন রাখার আহ্বান

কিডনি রোগী কল্যাণ সংস্থার সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তুকি মূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা চালু রাখার আহ্বান জানিয়েছে ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’। সংস্থার কার্যনির্বাহী কমিটির সভায় এ আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি ওয়াহিদ মালেকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিনিয়র সহ–সভাপতি ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।

গত বুধবার সন্ধ্যা ৭টায় দৈনিক আজাদী কনফারেন্স হলে সংস্থার কার্যনির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক কিডনি রোগীদের জীবন রক্ষায় ডায়ালাইসিস সেবা নিরবচ্ছিন্ন রাখার তাগিদ দিয়েছেন। ডায়ালাইসিস বন্ধ বা ব্যাহত হলে অসংখ্য রোগীর জীবন চরম ঝুঁকিতে পড়বে।

সভায় সংস্থার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আবু মুসা, কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর, আহসান হাবীব বাবু ও অফিস কর্মকর্তা মো. আবদুল আলীসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। এছাড়া অসহায় হতদরিদ্র কিডনি রোগীদের চিকিৎসা সমন্বয়ে সংস্থার পক্ষ থেকে সমন্বয় ও যথাসম্ভব সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। চমেক হাসপাতালে সরকারিভাবে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে এবং কিডনি রোগীদের দুর্ভোগ লাঘবে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের জরুরি ও মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক জাহিদুল ইসলামের স্বপ্নবাস্তবায়নে বহুমুখী প্রকল্প বাস্তবায়নে সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করতেও সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম ও লার্ভিসাইড ছিটানোর কার্যকর কোনো উদ্যোগ নেই
পরবর্তী নিবন্ধজেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার