মহানগরীর চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে তেলাপোকার বিচরণ, নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মল এবং মেয়াদোত্তীর্ণ পুডিং পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযানে খাদ্য তৈরি ও সংরক্ষণ ব্যবস্থায় বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া গেছে। রান্নাঘরে তেলাপোকার বিচরণ, খাদ্য তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র, মেয়াদোত্তীর্ণ পুডিং এবং পরিষ্কারের কাজে অননুমোদিত রাসায়নিকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩৩ ধারায় জরিমানা আরোপ করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন।











