নগরীর ব্যস্ততম জাকির হোসেন রোড ভয়াবহ রকমের ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মোটরসাইকেলের বেপোরয়া চলাচলের কারণে প্রতিদিন টুকটাক দুর্ঘটনা ঘটছে। জাকির হোসেন রোডের যান চলাচলে শৃঙ্খলা আনতে পুলিশ সড়কের মাঝে ডিভাইডার স্থাপন করেছে। জিইসি মোড়ের সন্নিকটস্থ গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসের সামনে খুলশী আবাসিক এলাকার এক নম্বর সড়কের কাছ পর্যন্ত স্থাপিত ডিভাইডারে কোনো মেডিয়ান গ্যাপ রাখা হয়নি। এতে করে প্রতিদিনই শত শত গাড়িকে দীর্ঘপথ অহেতুক ঘুরে চলাচল করতে হচ্ছে। কিন্তু ভয়াবহ অবস্থার সৃষ্টি করে মোটরসাইকেল। বাইকারেরা এতো ঘুরে যাওয়ার যাতনা থেকে রক্ষা পেতে ডিভাইডারের ফাঁক দিয়ে পারাপার হয়। এতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, ঝগড়াঝাটিসহ অপ্রীতিকর ঘটনার নজিরও সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী এবং রাস্তাটিতে নিয়মিত চলাচল করেন এমন ব্যক্তিদের পক্ষ থেকে কংক্রিটের ডিভাইডারগুলো একটির সাথে অপরটিকে লাগিয়ে দেয়ার আহ্বান জানিয়ে ট্রাফিক পুলিশকে বলা হয়েছে–হয় উইমেন কলেজ মোড়ে আগের মতো মেডিয়ান গ্যাপ দিন, অথবা ডিভাইডারগুলো একটির সাথে অপরটি লাগিয়ে দিয়ে কিংবা গ্যাপ কমিয়ে মোটরসাইকেলের অবৈধ পারাপার ঠেকান। মোটরসাইকেল আরোহীদের এমন কাণ্ডে রাস্তাটিতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজ ছুটির সময় রাস্তাটিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে।












