লোহাগাড়ায় বাদশা বড়ুয়া (৫০) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহত বাদশা বড়ুয়া একই এলাকার বাবুল বড়ুয়ার পুত্র।
আহত বাদশা বড়ুয়া জানান, ঘটনার রাতে তারা বসতঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ একদল দুর্বৃত্ত তার বসতঘরে অতর্কিত হামলা করে ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্নস্থানে জখমপ্রাপ্ত হন তিনি।
তিনি বলেন, একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ কিছুদিন আগে গরু বিক্রির খবর পেয়ে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা বসতঘর ভাংচুর ও আমাকে কুপিয়ে জখম করেছে। এর আগেও দুর্বৃত্তরা তার উপর হামলা করে আহত করেছিল বলে জানান তিনি।
বড়হাতিয়ার ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক উদ্দিন জানান, হামলার পর দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা আহত অবস্থায় কৃষক বাদশা বড়ুয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তার ও আতঙ্ক সৃষ্টি করতে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, বাদশা বড়ুয়া নামে এক কৃষককে কুপিয়ে জখম করার ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












