চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে হবে। এসব সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণভূমিকা রাখে।
তিনি গতকাল মঙ্গলবার সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠের উন্নয়নজেলা পরিষদের পক্ষ থেকে করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতায় জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মান উন্নয়নে উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীরা যাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতেপারে, সেজন্য জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনাছের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন মো. জাবের, জয়নাল আবেদিন শিবলু ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।












