আগামী ৮ নভেম্বর রোববার ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি কেন্দ্র করে সারাদেশের মতো চট্টগ্রাম নগরীতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দিবসটিতে এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য প্রদর্শনীর উদ্যোগ নেয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় নগরীর ষোলশহর এলজিইডি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী ও সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।











