জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে “লোকাল রেজিলিয়েন্স প্ল্যান (এলআরপি)” বিষয়ক জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কোআরএলআইএ (করলিয়া) প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত ঝুঁকির কারণে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন–জীবিকা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় সহনশীলতা পরিকল্পনা (এলআরপি) একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।












