রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র ক্রিকেট লিগে বর্তমান চ্যাম্পিয়ন বাদশা মিয়া স্মৃতি সংসদ টানা দুই জয়ে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। গতকাল বুধবার বাদশা মিয়া স্মৃতি সংসদ ১০ উইকেটের বড় ব্যবধানে চিটাগং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আগে ব্যাট করে চিটাগং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব ১৮.৩ ওভারে মাত্র ৫৩ রানে অলআউট হয়। জবাবে বাদশা মিয়া স্মৃতি সংসদ ৫.২ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৪ রান করে জয় নিশ্চিত করে নেয়। চিটাগং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাবের আহসানুল হকের ১০ রান ছাড়া বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। বাদশা মিয়া স্মৃতি সংসদের ইকবাল হোসেন ১১ রানে ৪টি ও তালহা ইবনে ৯ রানে ৩ উইকেট দখল করেন। বাদশা মিয়া স্মৃতি সংসদের ইনিংসে মারজুক আলম অপ: ৩০ ও তামিম ইকবাল অপ: ২২ রান করেন। একই মাঠে দিনের অপর খেলায় শতাব্দী ক্রিকেট একাডেমি ৫৮ রানে জেডিসি ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। শতাব্দী আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে। জবাবে জেডিসি ক্রিকেট একাডেমি ১৪.৩ ওভারে ৭৪ রানে অলআউট হয়। শতাব্দী ক্রিকেট একাডেমির হয়ে শামীম হোসেন ৫৪ এবং মোহাম্মদ নাহিদ ২৯, আরমান হোসেন ১৪ ও জোবায়েদ আলম ১২ রান করেন। অতিরিক্ত খাতে ১৭ রান আসে। জেডিসি ক্রিকেট একাডেমির মোহাম্মদ সিয়াম ১৫ রানে ৫ উইকেট দখল করেন। জেডিসি ক্রিকেট একাডেমির ইনিংসে তৌহিদুল আলমের ২২ রান ছাড়া বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। শতাব্দী ক্রিকেট একাডেমির মোহাম্মদ নাহিদ ১১ রানে ৪টি এবং সাইদুল ইসলাম ৯ ও প্রাঞ্জল দাস ১৪ রানে ২টি করে উইকেট দখল করেন।












