আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও ইসহাক কাদের চৌধুরী একাদশ। গতকাল বৃহস্পতিবার শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের সেমিফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৬৬ রানে আলোসিঁড়ি ক্লাবকে এবং ইসহাক কাদের চৌধুরী একাদশ ৪ উইকেটে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরাফাত সর্বোচ্চ ৬৭, তন্ময় ২৮ এবং তারেক ১৭ রান করেন। আলোসিঁড়ি ক্লাবের রাফি,সায়মন ও জিমু প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে আলোসিঁড়ি ক্লাব ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৪.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায়। আলোসিঁড়ি ক্লাবের পক্ষে জয় ৪৫ ও সাব্বির ১৪ রান করেন। সন্দ্বীপ ক্রিকেট একাডেমির তাসলিম ১৬ রানে ৫ উইকেট তুলে নেন। এছাড়া মাহমুদুল্লাহ রানা ও ইরফান রাতুল প্রত্যেকে ২টি করে উইকেট পান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ তাসলিমের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য, ইউএসটিসি প্রফেসর ডা. নুরুল আমিন।
দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টসে জিতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান করে তারা। দলের পক্ষে সামি ৩২ বলে সর্বোচ্চ ৮৩ রান করেন। ৩টি চার এবং ১০টি ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া ইমতিয়াজ ফাহাদ ৩৫ ও আসিফ ২৪ রান করেন। ইসহাক কাদের চৌধুরী একাদশের বাপ্পা ৩৪ রানে ৩টি উইকেট পান। এছাড়া ইফরান, মুনির ও তৌহিদ প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। জবাবে ১৯৮ রানের টার্গেটকে তাড়া করতে গিয়ে শুরুর দিকে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইসহাক কাদের চৌধুরী একাদশ। পরবর্তীতে ৬ষ্ঠ ও ৭ম উইকেট জুটির নৈপুণ্যে ১৬.২ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। দলের পক্ষে সাদিকুর রহমান ৪৪ বলে সর্বোচ্চ ৯৫ রান করেন। ৬টি চার এবং ১০টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া সাজ্জাদুল রিপন ২৭ বলে ৪৭ ও সাজিবুল আলম ১৩ বলে অপরাজিত ২৮ রান করেন। বল হাতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির ওয়াকি উদ্দিন ৩৭ রানে ৩টি উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ইসহাক কাদের চৌধুরী একাদশের সাদিকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিসি উত্তর মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন। আগামী ২৮ নভেম্বর, শনিবার সকাল ১০ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিকাল ৩ টায় পুরস্কার বিতরণ ও বিকাল ৪ টায় কনসার্ট অনুষ্ঠিত হবে।












