কৃষিই সমৃদ্ধি স্লোগানে পটিয়ায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ সভায় বক্তারা বলেন, কৃষিকে ব্যবসা বান্ধব ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে হলে কৃষকদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আন্তরিক হতে হবে। কৃষিই মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষি প্রধান এদেশে কৃষির গুরুত্ব অপরিসীম।
বক্তারা আরো বলেন, কৃষকদের সমবায় সমিতি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কৃষি ও কৃষকের সফলতা আসবে। সরকার কৃষি ও কৃষকের উন্নয়ন কৃষি কার্ড চালু করেছে। এ কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষি যুগান্তকারী পরিবর্তন আসবে। কৃষকদের উচিত কৃষি ঋণ নিয়ে তার সদ্যব্যবহার করে যথাসময়ে তা ব্যাংকে পরিশোধ করা। অনেক কৃষক কৃষি ঋণ গ্রহণ করে সময়মত পরিশোধ না করে নানা ধরনের অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করেন। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার দুপুরে পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা হল রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ এর সভা পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি চট্টগ্রাম কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা সমবায় কর্মকর্তা শফিউল আলম, সহকারী তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ্ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াছিন আলী সহ বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।













