কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আজ মঙ্গলবার সকালে দেশে আসছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এই পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে।
নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ আফনান (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমেদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার কাতারে বাংলাদেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচজনের লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কাতারের সময় সোমবার রাত সোয়া ১০টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। এরপর মঙ্গলবার (আজ) ভোর ৬টা ৫০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।












