কর্ণফুলীর পাঁচ ইউপিতে চেয়ারম্যান হতে জীবনবৃত্তান্ত দিলেন ২৬ জন

বিএনপির সার্চ কমিটির মতবিনিময় সভা । জুলধায় একক প্রার্থী, বড়উঠানে ১০ জন

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:০৬ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ২৬ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে জুলধা ইউনিয়নে রয়েছেন একক প্রার্থী। বিপরীতে বড়উঠান ইউনিয়নে মনোনয়ন পেতে লড়ছেন ১০ জন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেগা কনভেনশন হলে সার্চ কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রার্থীরা নেতৃবৃন্দের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য এস এম মামুন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য হাজী মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান ও উপজেলার বিএনপির সাবেক সভাপতি এহসান এ খান।

জুলধা ইউনিয়নে একক প্রার্থী হিসেবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মোহাম্মদ ওসমান। বড়উঠান ইউনিয়নে ১০ জন হলেন, আলমগীর বিন হোসেন, মুবিনুর রশীদ চৌধুরী, রবিউল হোসেন চৌধুরী, আব্দুল আজিজ, মোহাম্মদ ছাবের, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস হায়দার নয়ন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামীম, মেহেরব হোসেন খান, আবদুল মান্নান খান ও অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম। শিকলবাহা ইউনিয়নে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন আটজন। তারা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, মামুনুর রশীদ মামুন, মনোয়ার হোসেন, অ্যাডভোকেট গোলাম মোরশেদ, মো. নুরুল আবছার, এইচ এম হারুনুর রশীদ, মো. সোলাইমান দোভাষী ও তৈয়বুল আলম আঙ্গুর মেম্বার।

চরলক্ষ্যা ইউনিয়নে পাঁচজন হলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, মো. মুনির উদ্দিন মুন্সি, মো. ছালেহ জহুর, এ টি এম হানিফ ও আব্দুল গফুর মেম্বার।

চরপাথরঘাটা ইউনিয়নে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন দুজন। তারা হলেন, ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মো. সেলিম খান। এদিকে দলীয় প্রার্থী যাচাই–বাছাইয়ের জন্য জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া। তবে পরে দক্ষিণ জেলা বিএনপি আগামী ২০ অক্টোবর পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদে দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে একাধিক ব্যক্তি জীবনবৃত্তান্ত জমা দিলেও যাচাই–বাছাই শেষে জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার হৃদয় ২ দিনের রিমান্ডে