কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় অননুমোদিত ও বিপজ্জনক প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের মালিক মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে। র্যাব–১৫ এবং র্যাব–৪ (ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সৈকতে মো. ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায়। চরম নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সাগরে পড়ে যান। ঘটনাস্থলে জরুরি ও তাৎক্ষণিক কোনো উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে বিলম্বে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হলে র্যাব অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।












