সন্তান জন্মের আধঘণ্টা আগে মারা গেলেন বাবা

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

একদিকে নতুন সন্তানের আগমনের আনন্দ, অন্যদিকে ঠিক তার আধঘণ্টা আগে চিরতরে চলে গেলেন নবজাতকের জন্মদাতা পিতা। প্রসববেদনা আর স্বজন হারানোর তীব্র শোকএক অভূতপূর্ব বেদনায় ভাসছে কালালিয়া কাটা গ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামে মো. পারভেজ (৩২) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামী পারভেজের মৃত্যুর ঠিক আধাঘণ্টা পরই তার স্ত্রী ফারহানা ইয়াসমিন কাজল এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। সদ্যোজাত শিশুর কান্নার শব্দে প্রসূতি কক্ষ মুখরিত হলেও বাইরে তখন প্রিয় মানুষটিকে হারিয়ে স্বজনদের কান্নার রোল।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক প্রতীক্ষার পর নতুন আলো হয়ে তাদের ঘরে এসেছে এই কন্যাসন্তান। সন্তানের মুখ দেখার জন্য সব ধরনের প্রস্তুতিও নিয়েছিলেন বাবা পারভেজ। কিন্তু সন্তানের মুখ আর দেখা হলো না তার।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের মালিক ঢাকায় গ্রেপ্তার