‘হোনো মা, আঁই মুখ্খু চাষাভুষা মানুষ। বেশি কিছু জানি না। তয়, এই আশি বছর বয়সে ত আর কম দেইখলাম না! যারা লেখাপড়া শিখি নিজের গেরামেরে ভুইলা যায়, সমাজরে ভুইলা যায়, মা–বাপের কুনো কামে লাগে না, দ্যাশেরও কুনো কামে লাগে না–তাগো লেখাপড়া একসময় তাগোও কুনো কামে লাগবে না। বুড়া বয়সে তারা শহরে থাইকতে পারবো না টাকার অভাবে, গেরামে আইসা থাইকতে পারবো না সাহসের অভাবে। তাগো পোলামাইয়ারাও তাগোরে লগে রাখবো না।’
এরকম বাস্তবভিত্তিক বক্তব্যধর্মী নাটক ‘ওরা আসবে’ পঞ্চমবারের মতো মঞ্চায়ন হলো গতকাল শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে। নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল একই মিলনায়তনে ২০২৪ সালের ১৮ অক্টোবর। জাহেদুল আলম রচিত ও নির্দেশিত নাট্যমঞ্চের চতুর্থ প্রযোজনা ‘ওরা আসবে’ নাটকে মেধা পাচার, অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন, প্রজারঞ্জক শাসনকাঠামো, গ্রামীণ ও নগরীয় জীবনসংগ্রাম ইত্যাদি চিত্রিত হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রের রূপদান করেছেন সুজিত দাশ বাপ্পী, সুশোভন চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, বাপ্পী হায়দার, মাজহারুল আলম তিতুমির, ইয়াসমিন বেগম, ধীমান দাশ, জুয়েনা আফসানা, জাহেদুল আলম, সায়েম উদ্দীন, মৈত্রী চৌধুরী, মো. গোলাম সাদেক, জুহায়ের আলম রিহাম, সাকিফা মেহেরীন মিশকাত, আদৃতা প্রজ্ঞা এবং অবন্তী বিশ্বাস দিঘী। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পক সুবীর মহাজন, পোশাক পরিকল্পক মুহাম্মদ শাহ্ আলম, কোরিওগ্রাফি হেমা বডুয়া, রূপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, আলোক প্রক্ষেপক জয়দ্বীপ দাশ ও বড়ুয়া সীমান্ত এবং আবহ প্রয়োগ করেছেন সপ্রতিভ দাশ ও জান্নাতুল পিংকি। নাটকটির প্রযোজনা অধিকর্তা নাসরিন সরওয়ার মেঘলা ও ইয়াসমীন জাহান। প্রেস বিজ্ঞপ্তি।












