ঐতিহ্যের পথ ধরে আগামীর অভিযাত্রায় আরাসকা

এ. এইচ. এম. মাইনুল হক | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

সময়ের পরিক্রমায় ৪৭ বছর অতিক্রম করে ঐতিহ্য, অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতার এক গৌরবময় অধ্যায়ে উপনীত হয়েছে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সুপরিচিত সামাজিক–সাংস্কৃতিক সংগঠন–আরাসকা। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ পথচলায় এলাকার মানুষের মধ্যে সামাজিক সমপ্রীতি, পারস্পরিক সহযোগিতা, নাগরিক সচেতনতা ও সম্মিলিত কল্যাণবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠার সঙ্গে যাঁদের নাম বিশেষভাবে স্মরণীয়, তাঁদের মধ্যে রয়েছেন প্রকৌশলী এল. কে. সিদ্দিকী, এম. এল. আনোয়ার, এম. এ. আজিজ, মমিনুল হক সরকার, শাহ আলম আহমেদ, আমান–ই–আলম খান, সিরাজুল ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন প্রকৌশলী এল. কে. সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ছিলেন এম. এল. আনোয়ার। তাঁদের দূরদর্শিতা, নিষ্ঠা ও সাংগঠনিক প্রচেষ্টার মধ্য দিয়ে যে ভিত্তি রচিত হয়েছিল, আজকের আরাসকা সেই ঐতিহ্যেরই ধারাবাহিক উত্তরাধিকার।

একটি সংগঠন, একটি এলাকার সম্মিলিত পরিচয় : আরাসকা শুধু একটি সংগঠনের নাম নয়; এটি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং নাগরিক অধিকার ও দায়িত্ববোধের একটি সম্মিলিত পরিচয়। এই আবাসিক এলাকার সঙ্গে জড়িয়ে রয়েছে আগ্রাবাদ মহিলা কলেজ, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, সিডিএ আবাসিক এলাকার কেন্দ্রীয় কবরস্থান এবং সিডিএ আবাসিক এলাকার জামে মসজিদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান এলাকার শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও মানবিক পরিবেশকে সমৃদ্ধ করেছে।

অর্জন, উদ্যোগ ও জনকল্যাণমূলক কার্যক্রম : সময়ের প্রয়োজনে আরাসকার কার্যক্রমও হয়েছে বহুমাত্রিক। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার নিরাপত্তা জোরদার করতে রাতের নিরাপত্তাকর্মী নিয়োগ, অতিরিক্ত বর্জ্য অপসারণের যানবাহনের ব্যবস্থা এবং প্রবেশপথের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। সমপ্রতি এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এলাকার খেলার মাঠ সংরক্ষণ, অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনা প্রতিরোধ, রাস্তা ও ফুটপাতের সুষ্ঠু ব্যবহার এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও আরাসকার অবস্থান সুস্পষ্ট এলাকার স্বার্থ ও জনকল্যাণই হবে সব উদ্যোগের প্রধান বিবেচ্য।

স্বচ্ছতা, জবাবদিহি ও সম্মিলিত অংশগ্রহণ : একটি সামাজিক সংগঠনের প্রকৃত শক্তি তার পদ–পদবি কিংবা সাংগঠনিক পরিচয়ে নয়; বরং সদস্য ও এলাকাবাসীর আস্থা, সহযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহির মধ্যে নিহিত।

আরাসকা তার আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার লক্ষ্যে হিসাব পর্যালোচনা, সদস্যদের সামনে হিসাব উপস্থাপন এবং প্রয়োজনীয় তথ্য অবহিত করার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে।

আমরা বিশ্বাস করি, সংগঠনের প্রতিটি উদ্যোগে সদস্যদের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে আরাসকা আরও শক্তিশালী ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে।

আগামীর প্রত্যাশা ও অঙ্গীকার : ৪৭ বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে আরাসকার সামনে এখন নতুন সময়ের নতুন চ্যালেঞ্জ। একটি পরিচ্ছন্ন, নিরাপদ, পরিবেশবান্ধব, পরিকল্পিত ও বাসযোগ্য আবাসিক এলাকা গড়ে তোলাই হওয়া উচিত আগামী দিনের প্রধান লক্ষ্য।

এ লক্ষ্য বাস্তবায়নে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্বের দাবি রাখে : ১. আধুনিক সিসিটিভি ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা। ২. নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেন ও সড়ক পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করা। ৩. রাস্তা, ফুটপাত, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখার প্রচেষ্টা। ৪. শিশু–কিশোর ও তরুণ প্রজন্মের জন্য খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি। ৫. ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। ৬. এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও সাংগঠনিক জবাবদিহি আরও সুদৃঢ় করা। ৭. এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় নিয়মিত মাসিক সার্ভিস চার্জ প্রদানের মাধ্যমে একটি টেকসই আর্থিক ভিত্তি গড়ে তোলা।

পরিশেষে ৪৭ বছরের এই দীর্ঘ পথচলায় যাঁরা আরাসকার প্রতিষ্ঠা, বিকাশ ও কার্যক্রমে অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের প্রত্যাশা, অতীতের ঐতিহ্যকে ধারণ করে, বর্তমানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আবাসিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে আরাসকা এগিয়ে যাবে বহুদূর।

পূর্ববর্তী নিবন্ধনারী বদলালে, বদলাবে দেশ
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে