চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লিজেন্ড ফাউন্ডেশন। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা দিতে এ আয়োজন করা হয়। গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর মু. সিকান্দর খান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার রোটারিয়ান মতিউর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার অ্যান্ড কলেজ লাইফ গাইডেন্স সেশনের আয়োজন করা হয়। এতে সুমন কানোনগো, তানভীর শাহরিয়ার রিমন, ডা. কে এম হাসান রিপন ও ক্যাপ্টেন আতিক উল আজম খান বক্তব্য দেন। বক্তারা এসএসসি পরবর্তী কলেজ নির্বাচন, উচ্চশিক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার বিভিন্ন দিক তুলে ধরেন।
লিজেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সংগঠনের সাবেক সভাপতি ওমর ফারুক জিসান ও সাবেক সভাপতি মিজানুর রহমান শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে নিজেদের দক্ষতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নের আহ্বান জানান। প্রোগ্রাম চেয়ারম্যান আরিয়ান আহমেদ শাহজাহান আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনের সভাপতি আশরাফুর রহমান বলেন, বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি দক্ষতা, নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। সাধারণ সম্পাদক আবদুর রহমান রবিন বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং তাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।











