দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এপ্রিলের মাঝামাঝিতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। দুটি ম্যাচ হবে একই মাঠে। গত মাসে শ্রীলংকা সফর করে আসা ইংল্যান্ড দলকে যে কোয়ারেন্টিন বিধি মানতে হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে একই নিয়ম। মিরপুরে গতকাল শনিবার সফর নিশ্চিত হওয়ার কথা জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দুটি ম্যাচ আছে, সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ শ্রীলংকায় এক ভেন্যুতেই হবে। এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলংকা সফরে যাবে। কোন ভেন্যুতে ম্যাচ দুটি হবে, তা জানাননি বিসিবির প্রধান নির্বাহী। সেটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে লংকান বোর্ড থেকেই। বাংলাদেশের এই সফর হওয়ার কথা ছিল গত জুলাই-অগাস্টে। দুই দলের খেলার কথা ছিল তিনটি টেস্ট ম্যাচ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে তা স্থগিত হয়ে যায়।
পরে শ্রীলংকা নতুন করে আমন্ত্রণ জানায় সেপ্টেম্বর মাসে। এবার বাধা হয়ে দাঁড়ায় লংকান সরকারের কোয়ারেন্টিন বিধি। ১৪দিন ঘরবন্দি কোয়ারেন্টিনের কথা বলা হয়, দুই দেশের বোর্ডের অনেক আলোচনার পরও যা শিথিল করা হয়নি। সেই পরিস্থিতিতে আবার স্থগিত হয় সফর। পাশাপাশি বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের শ্রীলংকা সফরও বাতিল হয়ে যায়। এবার সফর চূড়ান্ত হওয়ার পর তাই কোয়ারেন্টিন বিধি নিয়েও প্রশ্ন উঠে যায়। বিসিবির প্রধান নির্বাহী জানালেন, ইংলিশদের মতোই হবে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন। দেশ থেকে কোভিড নেগেটিভ হওয়া ও শ্রীলংকায় যাওয়ার পর নেগেটিভ হওয়া সাপেক্ষে ইংলিশ ক্রিকেটারদের কোয়ারেন্টিন ছিল কেবল ৪৮ ঘণ্টার। এরপর নিজেদের মধ্যে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ তারা পেয়েছে। এপ্রিলের মাঝামাঝি শ্রীলংকা যাওয়ার আগে ওই মাসের প্রথম সপ্তাহেই নিউজিল্যান্ড থেকে ফিরবে বাংলাদেশ দল। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে দল নিউজিল্যান্ড যাবে মঙ্গলবার।












