কক্সবাজারের রামুর মিঠাছড়িতে লেভেলক্রসিং পার হওয়ার সময় টেক্সিতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), কাশিফার ছেলে সাহিল (৩) ও রুবেলের পাঁচ মাস বয়সী কন্যা মাশরুফা। আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং কাশিফার ১১ মাস বয়সি মেয়ে আয়াত। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে রাখা হয়েছে।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির লেভেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী টেক্সিটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।












