নগরীর ইস্পাহানী মোড় এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী ও ছিনতাইকারীদের গডফাদার চাকমা রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আক্তার হোসেন, আজাদ হোসেন ও নুর আলম নামের তার ৩ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার উপ–পরিদর্শক (এসআই) খালিদ হাসান তন্ময় দৈনিক আজাদীকে বলেন, রেয়াজুদ্দিন বাজার, ফলমন্ডি, নিউ মার্কেট এলাকায় আসা যাওয়া করা ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গ্রেপ্তারকৃতরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে চাকমা রুবেল হচ্ছেন শীর্ষ ছিনতাইকারী।
তার নেতৃত্বে প্রস্তুতি চলছে– এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি ধারালো ছোরা ও ২ টি ধামা উদ্ধার করা হয়েছে। চাকমা রুবেল দীর্ঘদিন যাবত তার সহযোগীদের নিয়ে কোতোয়ালী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় এবং চলন্ত বাসে ছিনতাই করে আসছে বলেও জানান পুলিশ কর্মকর্তা খালিদ হাসান।












