ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ১০ বছর পূর্তি উদযাপন

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজন, নীতিনির্ধারণী আলোচনা, শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী উপস্থাপনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) অর্থনীতি বিভাগের ১০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিভাগের বার্ষিক আয়োজন ‘ইকোনোব্রিয়াম ৫.০’। এবারের আয়োজনের প্লাটিনাম স্পন্সর ছিল অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইকোনোব্রিয়াম ৫.০–এর আহ্বায়ক তাসমীম চৌধুরী বণী বলেন, ইকোনোব্রিয়াম কেবল একটি বার্ষিক আয়োজন নয়; বরং সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা, মতবিনিময় ও কার্যকর সমাধান খোঁজার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ইডিইউ স্কুল অব বিজনেসের সহযোগী ডিন ড. রাশেদ আল করিম তাঁর বক্তব্যে অর্থনীতি বিভাগের গত ১০ বছরের অগ্রযাত্রা ও উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘Climate Energy & Economy: Developing Actionable Strategies for Bangladesh’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্যানেল আলোচনায় অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. হামিদুল হক, স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক সৈয়দা জারিনা হোসেন এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ও প্রফেসরিয়াল ফেলো অধ্যাপক মুহাম্মদ সেকান্দার খান। আলোচনায় সভাপতিত্ব করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন অনুষ্ঠানের আহ্বায়ক তাসমীম চৌধুরী বণী।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইকোনোব্রিয়াম ৫.০–এর সহ–আহ্বায়ক ও অর্থনীতি প্রোগ্রামের সমন্বয়ক মো. আবু হানিফ। এ ছাড়া আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগ ‘আইডিয়াস ফর ইমপ্যাক্ট (ও৪ও)’। এতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের গবেষণালব্ধ ধারণা ও উদ্ভাবনী প্রকল্প পোস্টার প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় ‘টিম থ্যালাসা’ চ্যাম্পিয়ন, ‘রিডিফাইন পাওয়ার’ প্রথম রানারআপ এবং ‘সুরক্ষা ক্যাপিটাল’ দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘ইনোভেশন এক্সপো’, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উদ্যোগ প্রদর্শন করেন।

‘কালচারাল ক্যানভাস’ পর্বে সংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেন বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য।

আয়োজকরা জানান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের গত এক দশকের পথচলায় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘ইকোনোব্রিয়াম ৫.০’ সেই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগবেষণার মাধ্যমে সত্য উদঘাটনই মানুষকে অনন্য করেছে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির প্রকল্পের প্রস্তাব অনুমোদিত