সৌদি আরব তাদের উত্তর ও দক্ষিণ দিক থেকে ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে। এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা বলেছেন, ইরানের রেভল্যুশনারি গার্ড কোর এর সরাসরি তত্ত্বাবধানে দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এবং উপসাগরীয় দেশগুলোর উত্তর দিক থেকে ইরাকের সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর দ্বিমুখী হামলা আসন্ন বলে মনে করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্র ও অঞ্চলের অন্যান্য দেশের গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্য হতে পারে। খবর বিডিনিউজের।
সম্ভাব্য নিশানার মধ্যে রয়েছে জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দর। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরব ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরের ঘটনাও লক্ষ্য করেছে, যা উত্তর ও দক্ষিণ দুই দিক থেকে সমন্বিত অভিযানের ইঙ্গিত দেয়। সৌদি কর্মকর্তার এই বিরল সতর্কতা এ বিষয়টিই সামনে এনেছে যে, কীভাবে সৌদি আরব গত কয়েক সপ্তাহে আঞ্চলিক সংঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।












