থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে নবম শ্রেণির এক ছাত্র তার দাদা–দাদিকে গুলি করে মেরে স্কুলে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে, তাতে প্রাণ গেছে আরো পাঁচজনের। স্থানীয় পুলিশের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, বন্দুকধারী শিক্ষার্থী নিজেও মারা গেছে। তবে সে পুলিশের গুলিতে নিহত হয়েছে নাকি আত্মহত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়। রয়টার্স লিখেছে, শুক্রবার সকালে ব্যাংককের কাছে ননতাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলার ‘দেবসিরিন ননতাবুরি স্কুলে’ এ ঘটনার পর আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। খবর বিডিনিউজের।
এ সময় আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুল ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। অনেক শিক্ষক একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সোশাল মিডিয়ায় আসা ছবিতে দেখা যায়, একজন আহতকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে। আরেকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দিচ্ছেন একজন চিকিৎসাকর্মী। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার কথা বলেছেন থাইল্যান্ড পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ত্রিরং ফোফান। ননতাবুরির প্রাদেশিক পুলিশ প্রধান দেচরাপি কংডি জানান, হামলাকারী বন্দুকধারী ছিল নবম শ্রেণির ছাত্র।
থাইল্যান্ডে এই শ্রেণির শিক্ষার্থীদের বয়স ১৪ বছরের কাছাকাছি হয়ে থাকে। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পাত্তানা প্রমফাত জানান, স্কুলে হামলা করার আগে ওই শিক্ষার্থী
বাড়িতে নিজের দাদা ও দাদিকে গুলি করে হত্যা করে। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। হামলায় ব্যবহৃত নাইন মিলিমিটার বোরের পিস্তলটি ছিল তার দাদার, তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। এরপর স্কুলে হামলার ঘটনায় যে পাঁচজন মারা গেছেন, তারাও সবাই শিক্ষক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।












