ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানা শাখার উদ্যোগে আয়োজিত যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি আল–মিজান মোহাম্মদ নোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইপিজেড থানার সভাপতি মোস্তফা হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইপিজেড থানার সভাপতি মির্জা অলি আহাদ এবং যুব ম্যারাথনের আহ্বায়ক মাওলানা মোরশেদ আলম কুতুবী প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তরুণদের জন্য সুস্থ, নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
একই সঙ্গে চলমান গ্যাস ও এলএনজি সরবরাহের ব্যাঘাতের কারণে শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে যে সংকট তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নৈতিকতা, সুশাসন, ন্যায়বিচার, দক্ষতা ও দায়িত্বশীল নাগরিক তৈরির মাধ্যমেই একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব। তারা দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, দুর্নীতি, অন্যায় ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












