আহত নেতাকর্মীদের সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

সমপ্রতি চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকালে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চমেক হাসপাতালে ছুটে গেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে তিনি আহতদের শয্যাপাশে অবস্থান করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর সমবেদনা ও সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস প্রদান করেন।

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা প্রক্রিয়ার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষ নির্দেশনা দেন। চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি বা অবহেলা না হয়, সে বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাসপাতালে উপসি’ত আহত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও আত্মীয়–স্বজনদের সাথে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন। তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। চিকিৎসার ব্যয়ভারসহ যেকোনো প্রয়োজনে সরকার এবং দল তাঁদের পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রতিমন্ত্রী আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০০০ ব্যাগ রক্ত সংগ্রহের ঐতিহাসিক মাইলফলক অর্জন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জন