চট্টগ্রাম নগরীতে আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ১২৪তম আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী তন্দ্রা সিংহের একক সংগীতানুষ্ঠান ‘আমি কিংবদন্তীর গান গাই’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপমহাদেশের জনপ্রিয় শিল্পী শুভমিতা ব্যানার্জী–এর জনপ্রিয় গান পরিবেশন করেন তন্দ্রা সিংহ। সন্ধ্যায় আনন্দ সাংস্কৃতিক অঙ্গন সংগীত বিদ্যালয়ের সমবেত তবলা লহড়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড আলী তারেক পারভেজ। বিশেষ অতিথি ছিলেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, মো. রোসাঙ্গীর বাচ্চু। রাত ৮টার দিকে শুভমিতা ব্যানার্জীর জনপ্রিয় গান ‘যেভাবেই তুমি সকাল দেখো’ পরিবেশনের মাধ্যমে মঞ্চে আসেন তন্দ্রা সিংহ। এরপর তিনি ‘বাতাস ডাকে না’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘কে বাজায় বাঁশিতে’সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হন শিল্পী শুভমিতা ব্যানার্জী। তিনি তন্দ্রা সিংহের জন্য শুভকামনা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তন্দ্রা সিংহ ‘তোমার কাছে ফাগুন চেয়ে’, ‘যাযাবর ফেরারি মন’, ‘বল মন সুখ বল’, ‘এক জীবন’, ‘মনের হদিস’সহ মোট ১২টি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












