নরওয়ের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্বে রাখার পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে রোববার ২–১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের কো অর্ডিনেটর রডরিগো কেটানো বলেন, ‘এখন আমাদের দায়িত্ব হলো এই বিষয়টির ওপর জোর দেওয়া– পুরো প্রক্রিয়াটি যেন স্বাভাবিকভাবে এগিয়ে যায় এবং কিছুটা শান্ত পরিবেশ বজায় থাকে। প্রয়োজনীয় সমন্বয় সাধন করে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমরা অন্তত এতটুকু শান্ত ও স্থিতিশীল পরিবেশ চাই, যাতে সামনে এগিয়ে যেতে পারি এবং পরবর্তী বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারি।’ ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে আসা আনচেলত্তির সাথে গত মাসে চুক্তি বৃদ্ধি করে সিবিএফ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলেই থাকবেন। ৬৭ বছর বয়সি আনচেলত্তি ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বর্ধিত কলেবরের এবারের আসরে খেলতে এসেছিলেন। যদিও কিছুটা আগেভাগে বিদায় নিয়ে তার যাত্রাকে সুখকর করতে পারেনি শিষ্যরা।











