ঘুষের টাকাসহ গ্রেপ্তার নগরীর পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে ফারুক ইসলাম জানান, সাবরেজিস্ট্রার আবদুস সোবহানের নির্দেশে তিনি ঘুষের টাকা গ্রহণ করেছিলেন এবং তার কথা মতো উক্ত টাকা উমেদার রূপন দাশের মাধ্যমে তার কাছে পাঠানো হচ্ছিল। এরমধ্যেই দুদকের টিম সেখানে হাজির হয়ে রূপন দাশকে ঘুষের ২ লাখ টাকাসহ আটক করে।
দুদক পিপি রেজাউল করিম রনি দৈনিক আজাদীকে বলেন, সাবরেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে আদালতে হাজির করলে দুই সহযোগী জবানবন্দি দিতে রাজি হয়। একপর্যায়ে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয় বলেও জানান পিপি। এর আগে গত মঙ্গলবার বিকেলে নগরীর পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও তার দুই সহযোগী যথাক্রমে ফারুক ইসলাম ও রূপন দাশকে ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নগরীর কোর্টহিলে অবস্থিত পাহাড়তলী সাবরেজিস্ট্রি অফিসটিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর একটি টিম এ অভিযান চালায়।
দুদক জানায়, এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে গিয়েছিলেন। তবে দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও উক্ত নিবন্ধন আটকে রাখা হয়। এর কারণ জানতে চাইলে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি নিবন্ধনের বিনিময়ে তার কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি ওই আইনজীবী দুদকের হটলাইন নম্বর ১০৬ এ ফোন করে জানান এবং দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগও করেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ জানায়, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে পাহাড়তলী সাবরেজিস্ট্রি অফিসে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে ভোক্তভোগী আইনজীবী ঘুষের টাকা দিতে সাবরেজিস্টারের রুমে যান। এসময় আগে থেকে ফাঁদ টিমে যুক্ত দুদক কর্মকর্তারা সেখানে প্রবেশ করেন এবং ঘুষের ২ লাখ টাকাসহ তিনজনকে আটক করা হয়। দুদক জানায়, ঘুষের টাকাসহ সাবরেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এতে সাবরেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে আসামি করা হয়।













