সীতাকুণ্ডে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা

পরে এক মাসের সময় দিয়ে অভিযান স্থগিত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের কুমিরা সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে বসবাসরতদের স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধার মুখে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য যায়। তখন ওই এলাকার ৩ শতাধিক লোকজন রেলওয়ের অভিযানে বাধা দেয়। এ সময় আলোচনার পর রেলওয়ের সম্পত্তিতে বসবাসকারীদের নিজ নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে এক মাসের সময় দেওয়া হয়। পরে অভিযান স্থগিত করে ফিরে যান ম্যাজিস্ট্রেট। অভিযানে নেতৃত্বে ছিলেন বাংলাদেশ

রেলওয়ে চট্টগ্রামের সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় ভূমিসম্পত্তি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীসহ স্থানীয় অন্যান্য লোকজন।

এদিকে বসবাসরতদের দাবি তারা প্রায় ৩০ বছর ধরে পরিবারপরিজন নিয়ে উক্ত এলাকায় বসবাস করে আসছেন। রেলওয়ের একটি অসাধু চক্র ওই জায়গাটি স্থানীয় একটি প্রতিষ্ঠানকে দখল দেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে বসবাসকারীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। তাদের আরও অভিযোগ, বর্তমানে রেলওয়ের সম্পত্তি বাণিজ্যিকভাবে লিজ দেওয়া বন্ধ থাকলেও একটি মহল নানা কৌশলে ওই জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে তারা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

এদিকে নির্ধারিত এক মাসের মধ্যে নিজ নিজ স্থাপনা সরিয়ে না নিলে রেলওয়ে কর্তৃপক্ষ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে। তবে অভিযান স্থগিত করার পর ম্যাজিস্ট্রেট এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধআদালতে সাবরেজিস্ট্রারের দুই সহযোগীর জবানবন্দি