আদালতে চার্জশিট গ্রহণ পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুদীপ্ত হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে অভিযুক্ত করে পিবিআইর দাখিলকৃত চার্জশিট গ্রহণ করেছেন আদালত। গতকাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ শুনানি শেষে এই চার্জশিট গ্রহণ করেন। একই আদালতে এ হত্যা মামলায় পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সিএমপির প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমদ গতকাল আজাদীকে বলেন, নির্ধারিত দিনে আদালতে সুদীপ্ত হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটের বিষয়ে বাদী পক্ষের নারাজি না থাকায় আদালত শুনানি শেষে পিবিআইর চার্জশিট গ্রহণ করেন। আগামী ২৩ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সুদীপ্ত খুনে অভিযুক্ত ২৪ জনের মধ্যে গতকাল মঙ্গলবার দিদারুল আলম মাসুমসহ ১৮ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মাসুমসহ ১৭ জন জামিনে রয়েছেন। শুধুমাত্র মিজানুর রহমান নামে একজন কারাগারে ছিলেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সিএমপির প্রসিকিউশন শাখায় চার্জশিট জমা দেন। চার্জশিটে উল্লেখ করা হয়, ফেসবুকে লেখালেখির কারণে দিদারুল আলম মাসুম ও তার অনুসারীরা সুদীপ্ত বিশ্বাসকে শিক্ষা দেয়ার জন্য এবং ভবিষ্যতে যাতে কেউ তাদের বিরুদ্ধে এ ধরনের লেখালেখি করার সাহস না পান সেজন্য পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
জানা গেছে, পিবিআইর চার্জশিটে সুদীপ্ত খুনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে দায়ী করা হয়েছে। বাকি আসামিরা সরাসরি খুনে জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৭৫ জনকে। এ মামলায় ২৪ আসামির মধ্যে ১৮ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল। ছয়জন পলাতক রয়েছেন, যাদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন মেয়রের শপথ কাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৫০ হাজার ছাড়াল নিবন্ধন