ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের চুরখাঁরহাট বাজারে এলোপাতাড়ি গুলি ছোড়ার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মরক্ষার্থে গুলি চালানোর দাবি করেছে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। গতকাল মঙ্গলবার রায়হান আলম নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্টে নিজেকে রায়হান পরিচয় দিয়ে দাবি করা হয়, গত সোমবার রাতে সুয়াবিল থেকে টেক্সিতে করে বের হওয়ার সময় কয়েকজন বিএনপি নেতা তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে তিনি গুলি চালাতে বাধ্য হন। আহত ব্যক্তিদের সঙ্গে তার আর কোনো বিরোধ নেই বলেও পোস্টে উল্লেখ করা হয়। এমনকি আহতদের কারও আর্থিক সহায়তা প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।
পোস্টে লেখা হয়, ‘আসলামুলাইকুম প্রিয় ফটিকছড়ি বাসি, আমি রায়হান গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজি যোগে বাহির হলে, আমাকে আওয়ামীপন্থী মনে করে আমার গাড়ি আটকাতে চেষ্টা করে কিছু আবাল চুদা বিএনপি নেতা ক্ষেতা, আমিও আমার আত্বরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়, অবশ্যই উনাদের সাথে আমার কোন ঝামেলা ছিলো না, শান্ত ভাবে যাচ্ছিলাম রাস্তা আটকাবি কেন? যারা যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই আপনাদের সাথে আমার ঝামেলা ওই খানেই শেষ, গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায় টাকা পয়সা সাহায্যে লাগে আমাকে ইনবক্স করিয়েন, ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে খোজ খবর নিও গাড়ির ভিতরে কে আছে।’
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত টেক্সিতে করে এসে সুয়াবিলের শোভনছড়ি ও চুরখাঁরহাট বাজারে অতর্কিত গুলি ছোড়ে। এতে ব্যবসায়ী ও পথচারীসহ ছয়জন গুলিবিদ্ধ হন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলম সুয়াবিল এলাকায় অবস্থান করছেন–এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আগে থেকেই অভিযান চালাচ্ছিল। স্থানীয় লোকজনও তার গতিবিধির ওপর নজর রাখছিলেন। ধরা পড়ার আশঙ্কায় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে রায়হান ও তার সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে গেছেন বলে পুলিশের ধারণা। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় টেঙিচালক মো. জাবেদকে আটক করেছে পুলিশ। রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রায়হান রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জুরুরকুল মুন্দার খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে অন্তত ১৪ থেকে ১৫টি মামলা রয়েছে। এর আগেও অন্তত দুইবার পুলিশের অভিযান থেকে পালিয়ে যান রায়হান। গত ২৯ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রেপ্তার অভিযানের সময় একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি। এর আগে রাউজানে নিজের বাড়িতে পুলিশের অভিযানের সময়ও ছাদ টপকে পালিয়ে যান। এবার ফটিকছড়িতে পুলিশের অভিযান চলাকালে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে নতুন করে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।












