আগামী বছরের এইচএসসি হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

| বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে ২০২৬ সালের এ পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড–এনসিটিবি।

এনসিটিবির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী গতকাল বুধবার বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে তা জানিয়ে আমরা নির্দেশনা জারি করেছি। গত ২৩ জুন এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায় এনসিটিবি। খবর বিডিনিউজের।

এতে বলা হয়, ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এ সকল শিক্ষার্থী ২০২৬ সালের মে–জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে। সকল শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে জানাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে অনুরোধ জানিয়েছে এনসিটিবি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক একাডেমির আত্মপ্রকাশ অনুষ্ঠান কাল
পরবর্তী নিবন্ধচন্দনাইশের বরমায় হিজরি নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা