আইআইইউসির ৩ দিনব্যাপী টিচার্স ডেভেলপমেন্ট ট্রেনিং সমাপ্ত

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৩ দিনব্যাপী টিচার্স ডেভেলপমেন্ট ট্রেনিং শেষ হয়েছে।গত ১৯ আগস্ট কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) শুরু হওয়া এ প্রশিক্ষণ ২১ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সভাপতিত্ব করেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।এ প্রশিক্ষণে আইআইইউসির বিভিন্ন বিভাগের মোট ১২০ জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণের বিভিন্ন সেশনে শিক্ষকতা, উচ্চশিক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, পেশাগত দক্ষতা উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারী শিক্ষকেরা প্রশিক্ষণের বিভিন্ন সেশনে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি উচ্চশিক্ষা ও শিক্ষকতার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফিক, প্রফেসর ড. বি. এম. মফিজুর রহমান আলআজহারী এবং প্রফেসর ড. মো. আবুল কালাম। বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির শিক্ষা সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধসিকিউর প্রপার্টি ফেস্টে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে মিলছে ডায়মন্ড জুয়েলারি