জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, রাষ্ট্রের সর্বক্ষেত্রে দুর্বৃত্তপনা, অনিয়ম ও নৈতিক অবক্ষয় নাগরিকদের জানমালকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। অপরাধী যে–ই হোক, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে তাকে আইনের আওতায় আনতে হবে। গত ১ অক্টোবর রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে আয়োজিত কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, কোথাও ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে, কোথাও ভূমি ও সম্পত্তি দখলের অভিযোগ উঠছে। চুরি–ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। অপরাধীরা যদি কোনো প্রভাবশালী মহলের আশ্রয়–প্রশ্রয় পায়, তাহলে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে এবং জনগণের মধ্যে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি হয়।
হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজের সভাপতিত্বে ও
থানা সেক্রেটারি আবুল কালাম আজাদের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন থানার নায়েবে আমির ডা. শাহাদাত হোসেন, থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, থানার কর্মপরিষদ সদস্য মাকসুূদুল মাওলা, মজিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













