অনতিবিলম্বে বিদ্যুৎ, যানজট ও স্বাস্থ্যসেবা সংকট নিরসনের দাবি

বোয়ালখালীতে ছাত্রশক্তির মানববন্ধন

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সাধারণ ছাত্র জনতার আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ছাত্রশক্তির ইউনিট এবং সাধারণ ছাত্রজনতা। বক্তব্যে ছাত্রশক্তির সদস্য সচিব এনামুল হক খান ফাহিম বোয়ালখালীর দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বোয়ালখালীতে এত নেতা থাকার পরও উপজেলাটি যেন অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। প্রায় ১০ দিন ধরে বোয়ালখালী তীব্র বিদ্যুৎ সমস্যায় ভুগছে, অথচ এই সমস্যা একদিনেই সমাধান করা সম্ভববিদ্যুৎ গ্রিডের ত্রুটি এখনো পর্যন্ত সমাধান করা যায়নি। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে উপজেলা বিএনপিও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের ভোগান্তি নিয়ে কার্যত কিছুই ভাবছে না।

তিনি আরও বলেন, উপজেলা সদরে দীর্ঘস্থায়ী যানজট নিয়েও প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। অবাধ চাঁদাবাজি এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, অথচ এ বিষয়ে ইউএনওর পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

অন্যদিকে বক্তব্যে ছাত্রশক্তি বোয়ালখালী উপজেলা শাখার আহ্বায়ক এহতেসামুল হক ইশমাম বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিয়ে কথা বলেন। তিনি জানান, হাসপাতালে সাকশন মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ ডাক্তারের চরম সংকট বিরাজ করছে। জরুরি সরঞ্জাম ও দক্ষ চিকিৎসকের অভাবে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে রোগীদের বাধ্য হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। তিনি অনতিবিলম্বে হাসপাতালে আধুনিক সরঞ্জাম সরবরাহ ও মানসম্মত ডাক্তার নিয়োগের জোরালো দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধ‘গুণীজনকে সম্মান না করলে গুণীজন জন্মায় না’