৮২ বীমা কোম্পানির কাছে ৭ হাজার কোটি টাকা পাবে গ্রাহক

সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

বীমা খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা গ্রাহকদের বকেয়া পলিসি দাবি (ক্লেইম) পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। দায়িত্ব নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকের আস্থা পুনরুদ্ধারকে সামনে রেখে বকেয়া দাবি পরিশোধ, অতিরিক্ত কমিশন বাণিজ্য বন্ধ, ঝুঁকিভিত্তিক তদারকি চালু, ইউনিক পলিসি হোল্ডার আইডি কার্যকর, দুর্বল বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে পর্যায়ক্রমে দাবি নিষ্পত্তি এবং অনিয়মদুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে।

মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোম্পানি যত দুর্বল, তাদের পরিচালন ব্যয় তত বেশি। যেসব কোম্পানি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তাদের পরিচালন ব্যয়ও বেশি। এর সুরাহা করতে হবে। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন আইডিআরএ চেয়ারম্যান। খবর বিডিনিউজের।

গ্রাহকের আস্থা ফিরিয়ে আনাকে বীমা খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে তিনি বলেন, প্রথম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব বকেয়া দাবি পরিশোধ শুরু করা। দাবি পরিশোধ শুরু হলে ধীরে ধীরে গ্রাহকের আস্থা ফিরে আসবে এবং তখন পুরো খাতকে স্থিতিশীল করা সহজ হবে। তিনি জানান, দেশের ৮২টি বীমা কোম্পানির কাছে গ্রাহকদের মোট প্রায় ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে। এর মধ্যে মাত্র সাতটি কোম্পানির কাছেই গ্রাহকদের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার দাবি আটকে আছে। আইডিআরএ চেয়ারম্যান বলেন, প্রথম পর্যায়ে এই সাতটি কোম্পানির বকেয়া দাবি পরিশোধে অগ্রাধিকার দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে স্কুল শিক্ষকের বাসায় চুরি
পরবর্তী নিবন্ধতিন প্রতিষ্ঠানের তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র