৬২ লাখ টাকার সিগারেটসহ আটক ১৬

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

শুল্ককর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, শুঁটকি ও কার্গো বোটসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ককর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে, সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। খবর বাংলানিউজের।

এ সময় ২টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ২ হাজার ৬০০ কেজি শুঁটকি ও পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ১৬ পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধইলিশের সঙ্গে মিশিয়ে বিক্রি হচ্ছে চন্দনা, সার্ডিন
পরবর্তী নিবন্ধছোটপুল থেকে শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার